বাংলাদেশ, জেলার সংবাদ

বাগেরহাটে প্রকল্পের গরু নিয়ে গড়িমসি, ভুক্তভোগী গরু পাননি ৯ দিনেও

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সরকারি প্রকল্পের আওতায় বরাদ্দকৃত গরু নিয়ে নাটকীয়তা ও গড়িমসি চলছে। যেখানে প্রকৃত উপকারভোগী দরিদ্র জেলের নামে বরাদ্দ করা গরুটি অনিয়মের মাধ্যমে অন্য একজনের কাছে হস্তান্তরের ৯ দিন পেরিয়ে গেলেও, এখনো তা বুঝে পাননি ভুক্তভোগী।

গত ২৩ এপ্রিল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ২০২৫-২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত দরিদ্র জেলে তারাপদ বিশ্বাসের নামে বরাদ্দকৃত একটি বখনা বাছুর তাকে না জানিয়ে অন্যত্র হস্তান্তর করা হয়। 

 

অভিযোগ রয়েছে, দশ হাজার টাকা ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোহিত বালা ও মৎস্য অফিসের যোগসাজশে মাত্র চার হাজার টাকার বিনিময়ে গরুটি শ্রীবাস বৈরাগী নামের অন্য এক ব্যক্তিকে দেওয়া হয়। এরপর দীর্ঘ ৯ দিন পার হলেও ভুক্তভোগী তারাপদ বিশ্বাস তার বরাদ্দকৃত গরুটি এখনও পাননি।

 

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর ঘটনা ধামাচাপা দেওয়ার তৎপরতা শুরু হয়। শুক্রবার গভীর রাতে বিএনপি নেতা মোহিত বালা ও তার সহযোগীরা গরুটি তারাপদ বিশ্বাসের কাছে বুঝিয়ে দিতে যান। এ সময় পরিস্থিতি জটিল হলে মৌভোগ ক্যাম্পের ইনচার্জ শনিবার (২ মে) সকাল ১০টায় ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে গরু হস্তান্তরের সময় নির্ধারণ করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গরুটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়নি।

 

ভুক্তভোগীর ছেলে প্রহ্লাদ বিশ্বাস জানান, শনিবার বিকেলের মধ্যে গরু হস্তান্তরের আশ্বাস দেওয়া হলেও তারা এখনো গরুটি বুঝে পাননি। যদিও মোহিত বালা এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন।

 

এদিকে, প্রকৃত উপকারভোগীকে বাদ দিয়ে অন্যের কাছে গরু হস্তান্তরের ঘটনায় সংশ্লিষ্ট মাঠ সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। 

 

অন্যদিকে, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান জানিয়েছেন, বিষয়টি অবগত হওয়ার পর মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন