বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি স্টাফ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় দুই বাহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে এক শিশুসহ চারজনকে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা যান।
অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম জানিয়েছেন, সেখানে আটজনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় আনা হয়েছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই আহত ব্যক্তিও মারা যান। এ নিয়ে ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও উদ্ধারকারী দল বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় কাজ করছে।
ডিবিসি/টিবিএ