বাগেরহাটের শরণখোলা উপজেলায় হাঁস চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের যাচাই-বাছাইয়ে বেরিয়ে এসেছে ওই যুবক অন্য একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আজ বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মনির (২৭)। তিনি ওই এলাকার আবদুস সালামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পশ্চিম রাজৈর এলাকায় ভুক্তভোগী পরিবারের হাঁস চুরি করার সময় মনিরকে হাতেনাতে ধরে ফেলেন আসাদুজ্জামান হাওলাদার নামে এক ব্যক্তি। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে টেনে-হিঁচড়ে শরণখোলা থানায় নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, আটক মনির এর আগেও তাদের বাড়িতে একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে আটক হওয়ার পর মনির চুরির বিষয়টি স্বীকার করলেও এর পেছনে এক অদ্ভুত ক্ষোভের কথা জানান। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী মনির জানান, এর আগে তার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ আনা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তার ভাষ্য, "আগে আমার বিরুদ্ধে অভিযোগ না দিলে আজ হাঁস চুরি করতাম না।"
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসার পর পুলিশ জানতে পারে যে তিনি অন্য একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। যেহেতু তার বিরুদ্ধে পূর্বের মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাই হাঁস চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার আর পৃথক কোনো মামলা দায়ের করেনি। তবে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
ডিবিসি/টিবিএ