বাগেরহাট জেলা কারাগারে বাবুল দাস (২৫) নামে এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ই নভেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানান জেল সুপার। পরদিন শনিবার (১৫ই নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল জানান, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড বাবুল দাসসহ ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোপর্দ করেছিল। পরে থানা পুলিশ মামলা দায়ের করে তাদের আদালতে পাঠালে আদালত আসামিদের কারাগারে প্রেরণ করেন।
তিনি আরও জানান, শুক্রবার রাতে কারাগারে বাবুলের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি সদর হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মোস্তফা কামাল আরও জানান, বর্তমানে বাগেরহাট কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন।
ডিবিসি/এসএফএল