একটি রাজনৈতিক দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে চড়ে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এখন বিএনপিও সেই একই পথ ধরে একদলীয় শাসনের দিকে হাঁটছে। তারা সংসদে ও সংসদের বাইরে আমাদের কথা বলতে দিচ্ছে না। হামলা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের রাজনৈতিক কার্যক্রম সংকুচিত করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের প্রকৃত দোষীদের বিচারের দাবি জানানোর পাশাপাশি নিরীহ ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নামে মামলা দিয়ে বাণিজ্য, লুটপাট এবং হামলা-হয়রানি না করার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বিগত ৪ মাসে তারা কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। এমনকি তাদের ঘোষিত বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই।
বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, তীব্র লোডশেডিং, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম না কমানোর তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও ভারতের পুশইন ইস্যুতে বর্তমান সরকারের দুর্বল ও নাজুক অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, গত রাতে সাভারে জুলাই পদযাত্রায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পদযাত্রাটি বন্ধ করার অপচেষ্টা হয়েছিল। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সখিপুরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।
এদিকে একই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাংলাদেশবিরোধী পুশইন সংক্রান্ত বক্তব্য ও কার্যক্রমকে দেশের সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি বলে মন্তব্য করেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ডিবিসি/এসএফএল