বাণিজ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে রাশিয়ার সঙ্গে একটি নতুন অর্থনৈতিক চুক্তির কাজ চূড়ান্ত করেছে ইরান। দেশটির অর্থমন্ত্রী সাইয়েদ আলী মাদানিজাদেহ’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
সম্প্রতি মস্কো সফরকালে মাদানিজাদেহ জানান, দুই দেশের মধ্যে পূর্বে হওয়া একটি অর্থনৈতিক চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় বেশ কিছু নতুন বাণিজ্য চুক্তি প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এই সহযোগিতার ফলে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর (আইএনএসটিসি) আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ইরান, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য আরও সহজতর হবে।
মাদানিজাদেহ আশা প্রকাশ করে বলেন, চুক্তিগুলো স্বাক্ষরিত হলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। যার ইতিবাচক প্রভাব সরাসরি দেশের রপ্তানি, আমদানি এবং সার্বিক উৎপাদন খাতের ওপর পড়বে।
মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা করতে এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তেহরান ও মস্কো দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে আসছে।
ডিবিসি/এসডব্লিউএন