বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতি এবং উচ্চ আমদানি ব্যয়ের কারণে সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানোর ফলে জনজীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, "সারাবিশ্বই এখন তাদের তেলের দাম সমন্বয় করেছে। এমনকি আমেরিকাতেও তেলের দাম ৫ ডলার বাড়ানো হয়েছে।" সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উচ্চমূল্যে তেল আমদানি করে দেশে যে মজুত গড়ে তোলা হয়েছে, সরকার এখন সেই মূল ক্রয়মূল্যের চেয়েও কম দামে প্রাইস অ্যাডজাস্টমেন্ট বা মূল্য সমন্বয় করছে।
মূল্যবৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, "আমরা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছি। কারণ জ্বালানি তেল সম্পূর্ণ বৈদেশিক মুদ্রা দিয়ে আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়। এরপরেও সার্বিক পরিস্থিতি যেন সাধারণ মানুষের জন্য একটি সহনীয় পর্যায়ে থাকে, আমরা সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছি।"
ডিবিসি/পিআরএএন