টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া ৯০ জন পর্যটক অবশেষে নিরাপদে ফিরে এসেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তারা নৌকায় করে থানচি উপজেলা সদরে এসে পৌঁছান।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল পর্যটকদের নিরাপদে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সাঙ্গু নদীর পানি বেড়ে গেলে থানচির জনপ্রিয় পর্যটন স্পট নাফাখুম, তিন্দু ও রেমাক্রীতে ভ্রমণে গিয়ে এই পর্যটকরা আটকা পড়েন।
বৈরী আবহাওয়ায় নদীপথে ফিরতে না পেরে পর্যটকরা নিরাপত্তার স্বার্থে ওই এলাকার স্থানীয় পাহাড়ি পাড়াগুলোতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে আটকে পড়া অবস্থায় তারা রাতযাপন করেন।
ইউএনও আরও জানান, সোমবার বিকেল থেকে থানচি এলাকায় বৃষ্টিপাত বন্ধ থাকায় সাঙ্গু নদীর পানি কিছুটা কমতে শুরু করে। পরিস্থিতি অনুকূলে এলে মঙ্গলবার দুপুরে নৌকার মাধ্যমে তাদের নিরাপদে উপজেলা সদরে নিয়ে আসা সম্ভব হয়। থানচি সদরে পৌঁছানোর পর পর্যটকরা সবাই সুস্থ আছেন এবং তারা ইতোমধ্যেই বান্দরবান শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ডিবিসি/এমএনকে