টানা ভারী বর্ষণের ফলে বান্দরবানের লাল ব্রীজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে বান্দরবানের সাথে চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজারের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড় ধসের এই ঘটনায় ওই সড়কে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ জানান, সড়কে মাটি ধসে পড়ার কারণে বুধবার (৮ জুলাই) দুপুর ৩টা থেকে বান্দরবান থেকে ছেড়ে যাওয়া এবং বান্দরবানে প্রবেশকারী সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলায় গত চারদিন ধরে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম এই বৃষ্টির ফলে জেলার প্রধান তিন নদী-সাঙ্গু, মাতামুহুরি ও বাকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর পানি উপচে ইতোমধ্যেই জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি চারদিকে পাহাড় ধসের ব্যাপক আশঙ্কাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই বান্দরবান-কেরাণীহাট সড়কের লাল ব্রীজ এলাকায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক করার বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন বলেন, ‘সড়কের ওপর থেকে মাটি সরাতে আমাদের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে ধসে পড়া মাটির পরিমাণ অনেক বেশি হওয়ায় তা শুধু হাতে সরিয়ে নেওয়া সম্ভব নয়, ক্রেন দিয়ে সরাতে হবে। এছাড়া মাটির সাথে বড় গাছও উপড়ে সড়কে এসে পড়েছে, যা অপসারণের কাজ চলছে।’
ডিবিসি/এমএনকে