বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদাপাহাড় সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ির মো. সাইফুল্লাহর ছেলে।
স্থানীয় ও রিসোর্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড থেকে সায়েমসহ ছয় বন্ধু মিলে লামার মাতামুহুরী নদীর তীরবর্তী ‘মিনঝিরি হোয়াইট পিক স্টেশন’ নামক একটি রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক-ইন করার পর প্রয়োজনীয় মালামাল রেখে দুপুর ১টার দিকে তারা পাশের নদীতে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতাবশত সায়েম নদীর গভীর পানিতে তলিয়ে যান। তার বন্ধুরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে দুপুর দেড়টায় লামা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে নদীর তলদেশ থেকে সায়েমের মরদেহ উদ্ধার করে।
রিসোর্ট মালিক আজিম জানান, পর্যটকরা রিসোর্টে ব্যাগ রেখেই নদীতে গোসল করতে গিয়েছিলেন। একজন নিখোঁজের খবর পেয়েই তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/এসএফএল