গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। মাঝেমধ্যে তদবিরের যন্ত্রণায় ফোন ধরব কি ধরব না, তা নিয়ে দ্বিধায় পড়ে যাই। সেদিন তদবিরে খানিকটা বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম- মা রে, আমার বাবার নাম আইন এবং মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবিরই আসুক না কেন, এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নেই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, এখানে উপস্থিত বিচারক ও আইনজীবীসহ যারা আইন পেশার সঙ্গে যুক্ত এবং আইনের ভিত্তিতে বিচার করেন, তাদের সবারই বাবা-মায়ের নাম নিশ্চয়ই আইন। আইনের শাসনে আমরা সবাই দায়বদ্ধ।
আইনি সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আইনগত সহায়তার বিষয়ে আমরা যদি সাধারণ মানুষকে সঠিকভাবে সচেতন করতে পারি, তবে দরিদ্র মানুষ দ্রুত সুবিচার পাবেন। সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার সুযোগ নিয়ে মানুষ বিনামূল্যে আইনি সুবিধা গ্রহণ করতে পারেন। এটি সাধারণ মানুষের বিচার পাওয়ার পথকে সহজ করে দিয়েছে।
'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি এবং পিপিগণ। বক্তারা তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডিবিসি/এসএফএল