খেলাধুলা, ক্রিকেট

বাবা হারালেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার বাবা ও দেশটির সুপরিচিত জ্যেষ্ঠ আইনজীবী কেশেমা সাঙ্গাকারা আর নেই। পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

প্রয়াতের স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ক্যান্ডির নিজ বাসভবনে রাখা হবে। আগামীকাল বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

 

শোকাবহ এ সময়ে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিনীত অনুরোধ জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী কুমারী, কুমার সাঙ্গাকারাসহ চার সন্তান (থুশারি, ভেমিন্দ্র ও সারাঙ্গা), পুত্রবধূ-জামাতা এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

ক্রিকেট বিশ্ব কুমার সাঙ্গাকারাকে কিংবদন্তি হিসেবে চিনলেও, তার এ বিশাল সাফল্যের পেছনের অন্যতম কারিগর ছিলেন বাবা কেশেমাই। তিনিই ছিলেন সাঙ্গাকারার জীবনের প্রথম কোচ এবং পুরো ক্যারিয়ারজুড়ে সবচেয়ে কঠোর সমালোচক। ছেলের ব্যাটিংয়ের কৌশলগত নানা খুঁত ধরতে তিনি কখনোই ছাড় দিতেন না। এমনকি একটি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পরও বাবার কাছ থেকে বকুনি শোনার মজাদার অথচ শিক্ষণীয় স্মৃতি সাঙ্গাকারা নিজেই একবার গণমাধ্যমে তুলে ধরেছিলেন।

 

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ও শ্রীলঙ্কার ইতিহাসের শীর্ষ রান সংগ্রাহক (২৮,০১৬ রান) কুমার সাঙ্গাকারা ২০১৫ সালে জাতীয় দল থেকে এবং ২০২০ সালে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেন। তবে খেলোয়াড়ি জীবন শেষেও কোচ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচালক কিংবা বিশ্লেষকের ভূমিকায় ক্রিকেটের সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত আছেন তিনি। 

 

বাবার মৃত্যুকালে এ কিংবদন্তি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

তথ্যসূত্র: নিউজওয়্যার

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন