স্পেনে রিয়ালের পর দ্বিতীয় সবচেয়ে সফল ক্লাব বার্সেলোনায় খেলেছে বেশকিছু বিশ্বসেরা খেলোয়াড়। ক্রুইফ, মেসি, জাভি, আলভেসরা একসময় দাপিয়ে বেড়িয়েছেন। শুরু থেকে আজ পর্যন্ত বার্সেলোনায় খেলা সেরা খেলোয়াড়দের নিয়েই তৈরি করা হয়েছে সেরা একাদশ।
ইতোমধ্যে বার্সেলোনার জার্সিতে মাঠ কাঁপিয়েছেন বিশ্বের নামকরা অনেক লিজেন্ড তারকাই। তাদের মধ্য থেকে এবার বাছাই করা হয়েছে বার্সার ইতিহাসের সেরা একাদশ। চলুন দেখে নেয়া যাক বার্সার ইতিহাসের সেরা একাদশে জায়গা পেয়েছেন কারা।
ভিক্টর ভালদেস (২০০২-২০১৪)
বার্সার ইতিহাসের সেরা গোলকিপার বলা হয় ভিক্টর ভালদেসকে। ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১২ বছর খেলেছেন এই ক্লাবটিতে।
দানি আলভেস (২০০৮-২০১৬)
৩০ মিলিয়ন দিয়ে ২০০৮ সালে সেভিয়া থেকে দানি আলভেসকে কিনেছিল বার্সা। তারপর নিজেকে বার্সার ইতিহাসের সেরা রাইটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।
রোনাল্ড কোম্যান (১৯৮৯-১৯৯৫)
নেদারল্যান্ডস জাতীয় দলের খেলোয়াড় বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোল করা ডিফেন্ডার কোম্যান। ৬ বছরে বার্সার হয়ে ১০২টি গোল করেন তিনি। পরে বার্সা ডাগ আউটেও দাঁড়িয়েছিলেন সহকারী হিসেবে।
কার্লোস পুয়োল (১৯৯৫-২০১৪)
১৯ বছর সার্ভিস দেন বার্সাকে। বার্সার ইতিহাসে অন্যতম সেরা সেন্টারব্যাক তিনি। বার্সার হয়ে ৬টি লা লীগা ও ৩টি চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেন তিনি। যদিও বার্সার মূল দলে অভিষেক হয় ১৯৯৯ সালে। বার্সার জার্সি গায়ে ৪৮১ ম্যাচে করেছেন ১৮ গোল।
হুয়ান সেগাররা (১৯৪৯-১৯৬৫)
১৯৪৯ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত বার্সাতে ছিলেন এই তারকা। তবে তার একটি বৈশিষ্ট ছিল। ডিফেন্ডার হলেও খেলার মধ্যে কখনো নোংরা ফাউল পছন্দ করতেন না ।
জাভি হার্নান্দেজ (১৯৯১-২০১৫)
বার্সার ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। বার্সার হয়ে ৭০০টি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ তারকা। শিরোপা জিতেছেন ২৫টি।
জোহান ক্রুইফ (১৯৭৩-১৯৭৮)
বার্সার ইতিহাসের অন্যতম সেরা তারকাদের একজন। ১৯৭৩ সালে বার্সাতে যোগ দেন তিনি। ১৯৭৮ সাল পর্যন্ত বার্সাতে খেলেছিলেন তিনি।
রোনালদিনহো (২০০৩-২০০৮)
বিশ্বের অন্যতম সেরা এবং সৃজনশীল মিডফিল্ডার ছিলেন রোনালদিনহো। মূলত তার চেষ্টায়ই বার্সার স্বর্ণ যুগের সূচনা হয়। বার্সেলোনার জার্সি গায়ে ১৪৫ ম্যাচে করেছেন ৭০ গোল।
জোহান নিসকেনস (১৯৭৪-১৯৭৯)
পাওয়ারফুল পেনাল্টির জন্য বিখ্যাত ছিলেন এই মিডফিল্ডার। ১৯৭৪ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বার্সাতে খেলেছিলেন তিনি। ছিলেন অনেক জনপ্রিয়।
আন্দ্রেস ইনিয়েস্তা (১৯৯৬-বর্তমান)
বর্তমান বার্সার মাঝমাঠের হৃদপিণ্ড বলা হয় তাকে। ইনিয়েস্তা সফল হলে মেসি সফলতার হার বেড়ে যায় অনেক। ইনিয়েস্তা মাঠে যতটা সাবলীল খেলতে পারে বার্সা আর মেসি ততটা দুর্দান্ত থাকে। কিছুদিন আগেই তার সঙ্গে বার্সেলোনা ক্লাব আজীবনের চুক্তি করে।
মেসি (২০০১-বর্তমান)
বার্সেলোনার ইতিহাসে সেরা ফরোয়ার্ড মেসি। বর্তমান বিশ্বের জীবন্ত কিংবদন্তিও বলা হয়ে থাকে তাকে। ক্লাব ফুটবলের যত রেকর্ড বলতে গেলে সবই নিজের করে নিয়েছেন। শুধু আক্ষেপ একটাই জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা তুলে ধরতে পারেননি। ইতোমধ্যে পাঁচবার ঘরে তুলেছেন ব্যালন ডি’অরের শিরোপা। হয়েছেন বার্সার ইতিহাসের সেরা গোল করা খেলোয়াড়। যদিও তার সিনিয়র দলে অভিষেক ঘটে ২০০৪ সালে।
বিশ্বের সবচেয়ে সজ্জিত ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটি বার্সেলোনা তাদের বর্ণাঢ্য ইতিহাসজুড়ে জিতেছে ৯২টি ট্রফি।