খেলাধুলা, ফুটবল

বার্সা ছেড়ে পিএসজিতে বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই আগস্ট ২০২৬ ০৪:২৫:৫০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন স্পেনের তারকা ফরোয়ার্ড ফেরান তোরেস। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে তার দলবদলের বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। সূত্রের দাবি, প্রায় ৫০ মিলিয়ন ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০৮ কোটি টাকা) এই দলবদল সম্পন্ন হতে পারে।

আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা। তার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যারিসে যাবেন ২৬ বছর বয়সী তোরেস। পরীক্ষায় উত্তীর্ণ হলে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিতে সই করবেন তিনি।

 

তোরেসকে দলে নিতে প্রথমে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। বার্সেলোনা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই ক্লাবের মধ্যে আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত প্রায় ৫০ মিলিয়ন ইউরোয় সমঝোতায় পৌঁছেছে তারা।

 

তোরেসকে ধরে রাখার পাশাপাশি তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করেছিল বার্সেলোনা। তবে বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় এবং খেলোয়াড় নিজেই ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করায় তাকে বিক্রির সিদ্ধান্ত নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

 

বিশ্বকাপ জয়ের পর তোরেসের জন্য পিএসজিতে যোগ দেওয়ার সময়টিও বিশেষ। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি করেছিলেন তিনি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

 

প্যারিসে পরিচিত কোচ লুইস এনরিকের অধীনে দ্বিতীয়বারের মতো কাজ করার সুযোগ পাবেন তোরেস। স্পেন জাতীয় দলের কোচ থাকাকালে এনরিকের অধীনে খেলেছিলেন তিনি। পিএসজির শক্তিশালী আক্রমণভাগে বাড়তি বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তোরেস।

 

উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ফরোয়ার্ডের ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। পিএসজিতে তাকে মূলত ‘নম্বর নাইন’ হিসেবে ব্যবহার করা হতে পারে। গনসালো রামোস এসি মিলানে চলে যাওয়ার পর নতুন একজন স্ট্রাইকারের প্রয়োজন ছিল ফরাসি ক্লাবটির।

 

গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেন তোরেস। ফলে তার বিদায়ে কাতালান ক্লাবটির আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হতে পারে।

এরই মধ্যে বার্সেলোনা ছেড়েছেন রবার্ট লেওয়ানডস্কি। চলতি গ্রীষ্মে এমএলএসের ক্লাব শিকাগো ফায়ারে যোগ দিয়েছেন তিনি। তোরেসও চলে গেলে বার্সেলোনার দলে স্বীকৃত কেন্দ্রীয় স্ট্রাইকারের সংকট আরও প্রকট হবে।

 

এই অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তাকে দলে নেওয়ার আলোচনা সহজ হবে না। আলভারেজকে না পেলে বিকল্প কোনো ফরোয়ার্ডের দিকে নজর দিতে হতে পারে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন