খেলাধুলা, ফুটবল

বার্সেলোনা অধ্যায়ের ইতি, আবেগঘন বিদায় রাশফোর্ডের

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বার্সেলোনাকে ‘বিশেষ স্মৃতি’র জন্য ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ধারে এক মৌসুম কাতালান ক্লাবটিতে খেলার পর তিনি আবারও ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে ওল্ড ট্র্যাফোর্ডে তার ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। লা লিগা শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

 

তবে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পরিবর্তে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে নিয়েছে বার্সেলোনা।

বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথা রয়েছে। বর্তমানে ক্লাবটির দায়িত্বে আছেন তার সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইউনাইটেডেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি এই ইংলিশ তারকার।

 

ইনস্টাগ্রামে দেওয়া বিদায়বার্তায় রাশফোর্ড লিখেছেন, ‘এখানে আমার সময়টাকে এত ইতিবাচক ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’

 

রাশফোর্ডের পোস্টের জবাবে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সবসময় আমাদের একজন হয়ে থাকবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে তিনি ইউনাইটেডের হয়ে আর মাঠে নামেননি। ওই মৌসুমের শেষভাগে ধারে খেলেন অ্যাস্টন ভিলায়। এরপর ২০২৫-২৬ মৌসুমে ধারে যোগ দেন বার্সেলোনায়, যেখানে কাটান স্মরণীয় একটি মৌসুম।
ডিবিসি/আরএফই

আরও পড়ুন