বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য ধারে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে লিভারপুল। পারফরম্যান্স সন্তোষজনক হলে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রাখছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যেই আরাউহোর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হতে পারে।
২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত চার মৌসুমের তিনটিতেই বার্সেলোনার লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি গত মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
বার্সেলোনার সঙ্গে আরাউহোর বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তবে গত মৌসুমে লা লিগায় মাত্র ১১ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। এই সময়ে জেরার্দ মার্তিন ও পাও কুবারসির জুটি বার্সেলোনার পছন্দের সেন্টার-ব্যাক জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন আরাউহো। তবে মূল একাদশে জায়গা হারানোর পর এবার নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছেন তিনি।
এদিকে ইব্রাহিমা কোনাতের লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই রক্ষণভাগে নতুন শক্তি খুঁজছিল ইংলিশ ক্লাবটি। সেই শূন্যতা পূরণ করতেই এবার আরাউহোর দিকে হাত বাড়িয়েছে লিভারপুল। এক মৌসুমের লোন চুক্তি সফল হলে উরুগুইয়ান এই ডিফেন্ডারকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথও খোলা থাকবে তাদের জন্য।
ডিবিসি/ আরএফই