জাতীয়

বাসে জানালার রড অপসারণের নির্দেশ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এ নির্দেশনা দিয়েছে সরকারের সংস্থাটি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীদের নিরাপদে বাস থেকে দ্রুত বের হওয়ার পথ তৈরি করতে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না।

এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে ‘ইমার্জেন্সি ডোর’ চিহ্ন রাখার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখার নির্দেশ দেয়া হয়েছে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন।

নন-এসি গণপরিবহনের ক্ষেত্রে জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এসব বাসের জানালার মাঝ বরাবর সংযুক্ত স্টিলের রডও অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

 

বিআরটিএ এর পক্ষ থেকে বলা হয়, এই নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত সরিয়ে নেয়া সম্ভব হবে। এতে প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন