নিজেদের ভূখণ্ডে মার্কিন বিমান হামলার কড়া জবাব দিয়েছে ইরান। বুধবার (১০ জুন) সকালে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন দিয়ে পাল্টা হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, তাদের এই হামলা এখনো চলমান রয়েছে এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সোমবার (৮ জুন) হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জন্য ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ ভোরে ইরানের উপকূলবর্তী জাস্ক, সিরিক ও কিশম এলাকায় বিমান হামলা চালায়। সেন্টকম এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টার ভূপাতিত করা এবং পণ্যবাহী জাহাজে হামলার মতো ইরানি আগ্রাসনের জবাবে সমানুপাতিক হারে এই হামলা চালানো হয়েছে।
তবে মার্কিন এই হামলাকে ‘মিথ্যা অজুহাত’ আখ্যা দিয়ে আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকারের হামলায় সিরিক এলাকার একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর সরাসরি জবাবেই বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা।
উল্লেখ্য, পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের এই পঞ্চম নৌবহরের সদর দপ্তরটি অবস্থিত। এর আগে গত ফেব্রুয়ারিতে যখন দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়, তখনও বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর