বাংলাদেশ

বাহরাইন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের নিবন্ধন চালু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মার্চ ২০২৬ ১১:১১:২২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস। রবিবার (১৫ মার্চ) দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস জানায়, বিশেষ এই ফ্লাইটটি বাহরাইন থেকে যাত্রা শুরু করে প্রথমে সৌদি আরবের দাম্মামে অবস্থান করবে এবং সেখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। 

 

তবে ফ্লাইটে আসন বরাদ্দ পাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এই বরাদ্দ নিশ্চিত করা হবে।

 

ভাড়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি আসনের জন্য আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার খরচ পড়বে। এই ভাড়ার মধ্যেই বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাস যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট পারমিটের যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকবে। 

 

যাত্রার সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো সময় নির্ধারণ করা হতে পারে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। আগ্রহী প্রবাসীদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন