বাংলাদেশ, রাজধানী

বাড়তি ভাড়া আদায় করছে সিএনজি চালিত গণপরিবহণও

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই নভেম্বর ২০২১ ০২:২১:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহণে সরকার নির্ধারিত নতুন ভাড়া কার্যকরের দ্বিতীয় দিন আজ। ডিজেলচালিত গাড়ির ভাড়া বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছে গ্যাসচালিত গণপরিবহণও। এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। 

আজও বেশিরভাগ বাসেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন যাত্রী-পরিবহণ সংশ্লিষ্টরা। তবে বাড়তি ভাড়া গোনাতে অধিকাংশ যাত্রীর কন্ঠে অসহায়ত্বের সুর।

সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া দিয়ে যাদের গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এদিকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করছেন পরিবহণ সংশ্লিষ্টরা। সরকার নির্ধারিত নতুন তালিকায় ভাড়া নেয়ার দাবি তাদের।

এর আগে, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গে পরিবহণ মালিক সমিতির বৈঠকে মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়।  

যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।’

নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে, দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ১ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে।

মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। এতে কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বেড়েছে। ফলে মহানগর এলাকায় একজন বাসযাত্রীকে পাঁচ কিলোমিটার ভ্রমণের জন্য বাড়তি ২ টাকা ২৫ পয়সা গুনতে হবে।

এছাড়া মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা। ফলে মহানগর এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া পাঁচ কিলোমিটারে ২ টাকা ২৫ পয়সা বাড়লো।

আরও পড়ুন