কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে বাংলাদেশে প্রথমবারের মতো 'সেন্টার পিভট ইরিগেশন সিস্টেম' বা আধুনিক ও স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এই প্রযুক্তির মাধ্যমে পাইপের সঙ্গে সংযুক্ত স্প্রিংকলারের সাহায্যে কৃত্রিম উপায়ে ওপর থেকে বৃষ্টির মতো পানি ছিটিয়ে জমিতে সেচ দেওয়া হয়।
অস্ট্রিয়ার কারিগরি সহায়তা এবং বিএডিসির আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদী ও মুলাডুলি কৃষি খামার এবং নাটোরে পরীক্ষামূলকভাবে এই সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
নতুন এই সিস্টেমটি এককভাবে প্রায় ৫০০ বিঘা জমিতে সেচ দিতে সক্ষম। ঈশ্বরদীর বিএডিসির সহকারী প্রকৌশলী (সেচ) সুমন চন্দ্র বর্মন জানান, পরীক্ষামূলকভাবে চালানোর পর সফলতা মিললে এই প্রযুক্তি আরও সম্প্রসারণ করা হবে। দীর্ঘদিনের শ্যালো ইঞ্জিন নির্ভরতা কমিয়ে সেচ খরচ ও পানির অপচয় রোধ করতে এই পদ্ধতি কৃষকদের মাঝে ব্যাপক আশা জাগিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, অত্যাধুনিক এই প্রযুক্তি ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণে এবং অনিয়মিত বৃষ্টিপাতের ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিসি/এএমটি