ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ প্রথম অধিবেশনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় আহ্বান করা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং সেদিনই নতুন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন মুলতবির পর আগামী ২৯ মার্চ আবার সংসদের বৈঠক বসবে। তবে প্রথম অধিবেশন দীর্ঘ হওয়ার রেওয়াজ থাকলেও এটি ঠিক কত দিন চলবে, তা জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীন অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোয় অভিজ্ঞদের বসানোর পরিকল্পনার অংশ হিসেবে স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক মন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের সম্ভাবনা সবচেয়ে বেশি।
অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটি পদেই ক্ষমতাসীন দলের প্রার্থীর নির্বাচিত হওয়ার প্রথা থাকলেও, এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। পদটি তারা গ্রহণ করবে কি না, তা নিয়ে বিরোধী দলের আজকের বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে।
ডিবিসি/আরএসএল