বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

বিএনপি আধুনিক রাজনৈতিক দল: মেজর হাফিজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবার দেশের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন। অথচ জামায়াতে ইসলামী নারীদের ‘টেবিল-চেয়ার’ মনে করে। তাদের গঠনতন্ত্র অনুযায়ী নারীরা কখনই প্রধানমন্ত্রী কিংবা দলের কোনো পদ পাবে না।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৩ আসনে এই জনসভার আয়োজন করা হয়।

 

জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, ‘আপনারা কি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চান?’ এ সময় জনসভা প্রাঙ্গণ থেকে সমস্বরে ‘হ্যাঁ’ ধ্বনি ভেসে আসে।

 

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’

 

আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনামলকে দেশের জন্য ‘দুঃসময়’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ওই সময় সরকার দেশের স্বার্থ উপেক্ষা করে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী ছিল। বর্তমানে ভারতে অবস্থান করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমেই জনগণ সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।

 

রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার ও রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন