এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. হাবিবুর রহমান হাবিবকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে তুলে নিয়ে গেছে র্যাব-২।
উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গত ১৫ অক্টোবর তলব করেন হাইকোর্ট। ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এ আদেশ দেন।
এদিকে মঙ্গলবার সকালে র্যাব ২ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মহামান্য হাইকোর্টকে কটুক্তি ও আদালত অবমাননা মামলায় মহামান্য উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব (৬৯)’কে রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা হতে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-২।