বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা-কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হতে পারেন-এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত স্থানীয় অভিজ্ঞ রাজনীতিকের ওপরই আস্থা রাখল দল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তার নাম ঘোষণা করা হয়। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, "আলহামদুলিল্লাহ, জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।"
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেছিলেন। তবে গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানালে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজনৈতিক মহলে আলোচনা ছিল, এই আসনে জিয়া পরিবারের কোনো সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবার স্থানীয় নেতৃত্বকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ আসনে ২ মার্চ মনোনয়ন দাখিল, ৬ থেকে ১০ মার্চ আপিল ও শুনানি, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের নিয়ে বর্তমানে সরকার দলীয় আসন সংখ্যা ২১২। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে।
ডিবিসি/এসএফএল