বাংলাদেশ, রাজনীতি

বিএনপি-জামায়াতের বাইরে নতুন জোটের ঘোষণা এনসিপির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে নভেম্বর ২০২৫ ০৪:৫৬:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুব শিগগিরই দেশে একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। বিএনপি ও জামায়াতের বাইরে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এই জোট। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, এই নতুন জোট হবে সংস্কারপন্থী, নারীবান্ধব এবং আলেম-ওলামাদের পক্ষে। একইসঙ্গে তারা ধর্মীয় ফ্যাসিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকবে।

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দুই দিনব্যাপী মতবিনিময় শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, কয়েকদিনের মধ্যেই দেশবাসী এমন একটি নতুন অ্যালায়েন্স বা জোট দেখতে পাবে, যারা জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কারে কাজ করবে।

 

সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, ভারত এবং আওয়ামী লীগের যেসব অর্থনৈতিক শক্তি ছিল, তারা এখন জাতীয় পার্টিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই গোষ্ঠীটি জাতীয় পার্টির মাধ্যমেই আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে।

 

এছাড়া সংবাদ সম্মেলন থেকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রশাসনের নিয়ন্ত্রণ বা ভাগ-বাটোয়ারা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা পরিহার করার আহ্বান জানানো হয়। এনসিপি নেতারা প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার তাগিদ দেন।

 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন