বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত একটি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন। বিএনপি যেহেতু এই সনদে স্বাক্ষর করেছে, তাই এর প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করা হবে। এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেকেই অনেক কথা বলতে পারেন, তবে সব রাজনৈতিক বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
তাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা পথ চলবেন এবং দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এর আগে তিনি টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল