সারা বাংলা
বিএনপি থেকে নিজের চাচাতো ভাইকে বহিষ্কারের দাবি জানালেন লালমনিরহাট-২ আসনের এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, গ্রুপিং এবং নিজের চাচাতো ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। বক্তব্যে তিনি দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাহাঙ্গীর আলমকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তোলেন।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে-তা আমরা বরদাস্ত করব না।’
বিগত ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।’
তিনি জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতা-কর্মীরা তাদের প্রতিহত করবে।
রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করে তার চাচাতো ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি। একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।’
নির্বাচনী এলাকার কিছু নেতা-কর্মী তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাঁটানো এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়।’
বক্তব্যের শেষভাগে তিনি আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে এবং চক্রান্ত করতে চান, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।’
সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজার হয়ে একটি মিছিল বের করেন। সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না। প্রকৃত বিএনপির নেতা-কর্মীরা আজ অবহেলিত। এটা কখনোই বরদাস্ত করা হবে না। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, আমরা তো আর এমনি এমনি রাজপথে ছিলাম না। ঠিক সেভাবেই এই ষড়যন্ত্রকারীকেও সরিয়ে দেওয়া হবে।’
ডিবিসি/এসভিএন