বাংলাদেশ, রাজনীতি

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে নভেম্বর ২০২৫ ১২:৪৯:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করার জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বুধবার (২৬শে নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়।

প্রসিকিউটর গাজি এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার (২৩শে নভেম্বর) একটি টেলিভিশন অনুষ্ঠানে ফজলুর রহমান ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’ শীর্ষক মন্তব্য করেন।

 

প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩শে নভেম্বর একটি টেলিভিশন টকশো’তে বিএনপি নেতা ফজলুর রহমান অংশগ্রহণ করেন। ওই টকশো’তে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।’

 

উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে।”

 

প্রসিকিউশন আরও অভিযোগ করেছে যে, ওই টকশো’তে ফজলুর রহমান আরও মানহানিকর বক্তব্য দিয়েছেন। প্রসিকিউশন কেবল ট্রাইব্যুনাল নিয়ে করা মন্তব্যটুকু ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছে এবং পুরো ৪৯ মিনিটের টকশো’টির ভিডিও পেনড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন