ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। একইসঙ্গে জানানো হয়েছে, ওই আসনের জামায়াত প্রার্থী চাইলে এ বিষয়ে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেয়।
এর আগে, গত ৯ই জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় এবং তার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) পূর্ববর্তী সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের এই রায়ের পর একই দিন ইসি সচিবালয় চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সেদিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এই পরিস্থিতিতে গত ১২ই জুলাই জামায়াতের প্রার্থী নুরুল হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।
উল্লেখ্য, গত ১৮ই জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পান।
ডিবিসি/পিআরএএন