স্থানীয় সরকার নির্বাচন ঝুলিয়ে রেখে প্রশাসন ও স্থানীয় সংস্থায় দলীয় লোক বসানোর মাধ্যমে বিএনপি কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি মন্তব্য করেন, সরকার গঠনের পর পরই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হলেও বিএনপি কখনো ছয় মাস, আবার কখনো অল্প সময়ের কথা বলে বারবার সময় পিছিয়ে দিচ্ছে।
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে 'জুলাই পথযাত্রা' শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনে নিজেদের লোক বসিয়ে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন না দেওয়া মেনে নেওয়া যায় না। নখ কাটতে গিয়ে পুরো হাত কেটে ফেলার মতো পাতানো নির্বাচন আয়োজনের কোনো সুযোগ বাংলাদেশে আর নেই। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে প্রকৃত জনপ্রতিনিধিদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিস্তা নদী ও উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, উত্তরবঙ্গের কোটি মানুষের প্রাণরক্ষা ও উন্নয়নের প্রতীক তিস্তা মহাপরিকল্পনা বারবার উপেক্ষিত হয়েছে। রাজনৈতিক দলগুলো কেবল ভোটের সময় এই মহাপরিকল্পনার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন পার হলে আর তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখায় না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ পাতানো নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আর বর্তমানে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানুষ যেখানে মৌলিক সংস্কার চাইছে, সেখানে নিরপেক্ষ নির্বাচন না দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিজেদের লোক বসাতে তাড়াহুড়ো করছে।
ডিবিসি/পিআরএএন