ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন পাঞ্জাবের বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুন মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পরই এই পদত্যাগের ঘটনা ঘটল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে বিট্টুর প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো সম্ভাবনা রয়েছে। মূলত আম আদমি পার্টি (আপ) শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির রাজনৈতিক ভিত্তি মজবুত করার কাজে তিনি গভীরভাবে যুক্ত ছিলেন।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিট্টু জানান, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশ ও বিশেষত তাঁর প্রিয় রাজ্য পাঞ্জাবের জনগণের সেবা করার সুযোগ পাওয়া এক বিরাট সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে তিনি বলেন, নতুন উদ্যমে তাঁর জনসেবার এই যাত্রা অব্যাহত থাকবে।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজয়ের সম্মুখীন হন। পরবর্তীতে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল পদত্যাগ দেওয়ায় রাজস্থান থেকে রাজ্যসভার ওই শূন্য আসনে অবশিষ্ট মেয়াদের জন্য বিট্টুকে মনোনীত করা হয়েছিল।
ডিবিসি/এফএইচআর