আন্তর্জাতিক, ভারত

বিক্ষোভের মুখে ভারতের শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতজুড়ে প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষার্থীদের টানা বিক্ষোভের জেরে শিক্ষা মন্ত্রণালয়ে বড় রদবদল এনেছে সরকার।

শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গাংওয়ারকে। বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সরকারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

শিক্ষার্থীদের পাশাপাশি বিরোধী দল এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চালিয়ে আসছে। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি তুলেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, প্রশ্নফাঁস ইস্যুতে চরম উদাসীনতা দেখানোর কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা সচিবকে অপসারণ করেছেন। তিনি আরও জানান, যারা এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রদবদলের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকেও স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য সাবেক শিক্ষা সচিব বিনীত জোশী ১৯৯২ ব্যাচের মণিপুর ক্যাডারের কর্মকর্তা। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রথম মহাপরিচালক এবং সিবিএসই-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নতুন শিক্ষা সচিব নরেশ পাল গাংওয়ার ১৯৯৪ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

 

প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য এরই মধ্যে একটি ফাস্ট-ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনার পর আগামী সপ্তাহে সংসদে একটি বিল পাসের চেষ্টা করবে সরকার।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন