বিগত আ. লীগ ও কোয়ারটেকার সরকার লুটপাট করতে টিকা কেনেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, দুটি সরকারের আমলে বিদেশি দাতাগোষ্ঠী আমাদেরকে বিনামূল্যে ও কম মূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত ছিলো। সেটা না নিয়ে অর্থ লুটপাট করার জন্য দুই সরকার সে টিকা সংগ্রহ করে নাই।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রাইভেট লোকের কাছ থেকে দুই সরকার টিকা কিনতে চেয়েছিলো উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাইভেট লোকের কাছ থেকে টিকা কিনতে গিয়েও দুই সরকারের মন মতো হয়নি ফলে তারা টিকাই কেনেনি। যেই কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করি। যার ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। আশা করি এক সপ্তাহের মধ্যে তা আরও কমে আসবে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের বড় বাজেট রয়েছে। আগামীতে ব্যাপক হারে স্বাস্থ্যখাতে কাজ করা হবে।
ডিবিসি/ এইচএপি