জাতীয়

বিগত স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিগত স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে বিএনপি আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, শ্রমিকদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে তাদের স্ত্রীদের জন্য 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে। কৃষকদের উন্নয়নে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সরাসরি সহায়তা পৌঁছাতে কৃষি কার্ড প্রদান করা হচ্ছে।


তারেক রহমান আরও বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন। কিন্তু সঠিক সময়ে পানির অভাবে তাদের কৃষি কাজ ব্যাহত হয়। এই সমস্যা সমাধানে আমরা দেশব্যাপী পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করেছি। কৃষক ও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে পারলে তবেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।


তিনি আরও বলেন, সরকার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। হকারদের উচ্ছেদ করলেও তাদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কৃষক-শ্রমিক ভালো থাকলে, তবেই বাংলাদেশ ভালো থাকবে।


জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন