খেলাধুলা, ফুটবল

বিজ্ঞাপনের শ্যুটিংয়ে মাত্র ৩০ মিনিট সময় দেন মেসি!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হলিউডের শুটিং সেটে দীর্ঘ অপেক্ষা বা বারবার রিটেক সাধারণ বিষয় হলেও লিওনেল মেসির ক্ষেত্রে চিত্রটা একেবারেই ভিন্ন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন ফুটবল তারকা বিজ্ঞাপনের শুটিং সেটে অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময় পার হলেই কাজ শেষ হোক বা না হোক, ‘ভামোস’ (চললাম) বলে সেট ছেড়ে চলে যান তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে অতিথি হয়ে এসে এই তথ্য জানিয়েছেন হলিউডের কৌতুক অভিনেতা উইল ফেরেল। আলুচিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেসের একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির সঙ্গে কাজ করা অভিনেতা স্টিভ ক্যারেলের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা জেনেছেন ফেরেল। তিনি জানান, শুটিং সেটে মেসির জন্য একটি নির্দিষ্ট প্রটোকল মানা হয়। সেটে তিনি মাত্র ৩০ মিনিট অবস্থান করেন এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ করতে হয়।

 

এই সীমিত সময়ের কারণে পরিচালকদের ওপর ব্যাপক চাপ থাকে। সাধারণত আলো বা ক্যামেরার কারণে একাধিক রিটেক লাগলেও মেসির ক্ষেত্রে সেই সুযোগ প্রায় থাকেই না। তাই তিনি আসার আগেই সেটের সব কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে রাখতে হয়, যাতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই শুটিং শুরু করা যায়। ফেরেল রসিকতা করে বলেন, সবাইকে দ্রুত কাজ শেষ করতে হয়, নইলে মেসি শুধু উঠে দাঁড়িয়ে ‘ভামোস’ বলে বিদায় নেন। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর বাণিজ্যিক দিক থেকেও মেসির জনপ্রিয়তা আরও বেড়েছে। তাই বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনে তাকে পেতে আগ্রহী হলেও সবাইকে তার এই কঠোর সময় ব্যবস্থাপনার সঙ্গেই মানিয়ে নিতে হয়।

 

অন্যদিকে, সময়ানুবর্তিতার এই আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে মেসির ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনা জাতীয় দলে তার থাকা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, তার ধারণা মেসি হয়তো জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। যদিও তিনি আশা করেন মেসি আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে খেলবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি সম্পূর্ণ মেসির নিজের বলেও মন্তব্য করেন পারেদেস।

 

সূত্র: গোল.কম

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন