আন্তর্জাতিক, আমেরিকা

বিদ্বেষ ছড়াচ্ছেন মামদানি: নেতানিয়াহু

Shovon Mondal

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও নিউ ইয়র্কের মেয়রের হুমকির পরও এ বছরের শরৎকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্র সফরের আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মেয়রের হুমকির পরোয়া তিনি করেন না। এ সময় তিনি মেয়রের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনেন। মঙ্গলবারে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং এক নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে আছেন নেতানিয়াহু।


নেতানিয়াহু বলেন, মেয়র মামদানি সবার মেয়র হওয়ার কথা থাকলেও তিনি সমাজে বিভেদ তৈরি করছেন। নিউ ইয়র্কের ইহুদিরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও দাবি করেন তিনি।


গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে দুটি ছুরিকাঘাতের ঘটনার প্রসঙ্গ টেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, একজন ইহুদি ও একজন এশীয় নাগরিকের ওপর ওই হামলার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা হয়েছে। ভাগ্যক্রমে দুজনই বেঁচে গেছেন। এই ঘটনার জন্যও তিনি মেয়রকে দায়ী করেন।

 

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকা জোহরান মামদানি গত বছর নির্বাচনি প্রচারণায় গাজায় ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে আলোচিত হন। গত সপ্তাহে তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দেন। এমনকি নির্বাচনি প্রচারণায় তিনি আইসিসির পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।


গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসকে মামদানি জানান, আইন পর্যালোচনা করে তারা দেখেছেন যে এই পরোয়ানা কার্যকরের আইনি এখতিয়ার তাদের নেই। এরপর তিনি কেন্দ্রীয় সরকারকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানান এবং বলেন যে নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে অবাঞ্ছিত।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন