জাতীয়, শিক্ষা

বিধিনিষেধ প্রত্যাহার: খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে ফেব্রুয়ারি ২০২২ ০৭:১২:২৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় ফের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে ক্লাস-পরীক্ষা।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমে আসায় তুলে নেয়া হয়েছে বিধিনিষেধ, এক মাস বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান।

প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে মার্চের শুরুতে।

মঙ্গলবার সকাল থেকেই স্কুল-কলেজে সামনে শিক্ষার্থীদের টিকা কার্ড হাতে নিয়ে লাইন ধরে স্কুলে প্রবেশ করেতে দেখা যায়। টিকা কার্ড দেখার পাশাপাশি তাদের তাপমাত্রাও পরীক্ষা করা হয় স্কুলে গেটে।

আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস।

তবে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবেই পালন করতে হচ্ছে সবাইকে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০টি নির্দেশনাও দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোডিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে কোডিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে করণীয় বিষয়গুলো ব্যানার বা অন্য কোনও উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন/ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন