ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। বেসরকারি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে সম্পূর্ণ বিনা খরচে তার মরদেহ দেশে আনার মানবিক উদ্যোগ নিয়েছে বলে পারিবারিক সূত্রে গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আজ রবিবার (১৭ মে) বিকেলে চেন্নাই থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে অন্য একটি এয়ারলাইন্সের মাধ্যমে কারিনার মরদেহ দেশে আনার চেষ্টা করা হলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ইউএস-বাংলা এয়ারলাইন্স মরদেহটি বাংলাদেশে স্থানান্তরের দায়িত্ব নেয়। ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসের বাসায় নেওয়া হবে এবং সেখানে ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানকার ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তার বাবা জানান, শেষ সময়ে কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল এবং চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
চেন্নাই থেকে কারিনার মা লোপা কায়সার চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছিলেন যে, কারিনার শারীরিক অবস্থা লিভার প্রতিস্থাপন বা কোনো বড় ধরনের অস্ত্রোপচার সহ্য করার মতো ছিল না। তার ফুসফুসে তরল ও কফ জমে সংক্রমণ তৈরি হয়েছিল। চিকিৎসকেরা তাকে স্থিতিশীল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ডিবিসি/টিবিএ