খেলাধুলা, ক্রিকেট

বিপিএলের 'এ' ক্যাটাগরিতে নাঈম শেখ, জায়গা হয়নি মুশফিক-রিয়াদের মতো অভিজ্ঞদের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে নভেম্বর ২০২৫ ০৯:৩৮:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় বড় চমক দেখা গেছে, যেখানে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাদের রাখা হয়নি ‘এ’ ক্যাটাগরিতে। তবে এই শীর্ষ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন নাঈম শেখ। মুশফিক ও রিয়াদ সহ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই ঠাঁই পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে।

পেসার নাহিদ রানাকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে এবং এনসিএল টি-টোয়েন্টিতে টুর্নামেন্ট সেরা উদীয়মান মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলকে নিলামের তালিকাতেই রাখা হয়নি। বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ না করলেও ডিবিসি নিউজের হাতে তা পৌঁছেছে।

 

আগামী ৩০শে নভেম্বর বিপিএলের প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে, যেখানে ৬টি ভিন্ন ক্যাটাগরি থেকে দেড় শতাধিক ক্রিকেটারকে নিলামে তোলা হবে। সর্বোচ্চ ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজসহ মোট ৬ জন ক্রিকেটার রয়েছেন। তবে তানজিদ তামিম, মুস্তাফিজ, মিরাজ ও তাসকিনকে এর আগেই ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ৪টি ফ্রাঞ্চাইজি দলে ভিড়িয়েছে। ফলে নিলামে ‘এ’ ক্যাটাগরি থেকে শুধুমাত্র লিটন দাস ও নাঈম শেখের নাম উঠবে।

 

সবচেয়ে অবাক করা বিষয় হলো, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পাননি এবং কোনো ফ্রাঞ্চাইজি তাদের সরাসরি চুক্তিতে নিতেও আগ্রহ দেখায়নি। শরীফুল ইসলাম ও তৌহিদ হৃদয়দের সাথে তাদের ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে বর্তমানে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে ৮ জনের দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। সবশেষ নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে নিয়েছে।

 

অন্যদিকে, টাইগার পেসার নাহিদ রানার জায়গা হয়নি ‘বি’ ক্যাটাগরিতেও; এবাদত হোসেন ও আকবর আলীদের সাথে তাকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। আকবর আলীকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হলেও রাইজিং স্টার্স এশিয়া কাপে নজরকাড়া হাবিবুর রহমান সোহান ও জিসান আলম রয়েছেন ‘ডি’ ক্যাটাগরিতে। তবে এনসিএল টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করা মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলের নাম তালিকায় না থাকায় সমালোচনার ঝড় বইছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন