খেলাধুলা, ক্রিকেট

বিপিএলের ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কোন দল কী অবস্থানে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে জানুয়ারী ২০২৪ ০৪:২৪:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। চার ম্যাচডেতে হয়েছে ৮ ম্যাচ। অংশ নেওয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত দুইটি করে ম্যাচ। চার ম্যাচডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। এবার বিপিএল পা রাখতে যাচ্ছে চায়ের দেশ সিলেটে। অসাধারণ সৌন্দর্য্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত বিপিএলের উন্মাদনার জন্য।

চলতি মৌসুমের বিপিএলে সবচেয়ে ভাল সময় কেটেছে খুলনা টাইগার্সের। দুই ম্যাচের দুই জয় নিয়ে এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসেবে শতভাগ জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে দলটি। এরপরের অবস্থানে আছে চট্টগ্রাম। মাঝে এক ম্যাচ হারলেও তারা শেষ ম্যাচে পেয়েছে দারুণ এক জয়। বন্দরনগরীর প্রতিনিধিরাও পেয়েছে ৪ পয়েন্ট। তবে রানরেটে খুলনার পেছনে থাকতে হচ্ছে তাদের। 


তিন নম্বর জায়গায় রয়েছে তারকায় ঠাসা রংপুর রাইডার্স। কর্পোরেট ফ্র্যাঞ্চাইজির দলটি প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ধুঁকছিল। তবে বাবর আজমের ব্যাটে ভর করে জয় পেয়েছে তারা। উঠে এসেছে তালিকার তিনে। চার নম্বরে আছে দুর্দান্ত ঢাকা। কুমিল্লার বিপক্ষে চমক দেখিয়ে জয় পেলেও, চট্টগ্রামের কাছে হারতে হয়েছে তাদের। 

প্রথম ম্যাচে ঢাকার কাছে হারের পর জয় পেয়েছে কুমিল্লা। তারা আছে পাঁচে। আর প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ৬ষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর একেবারে তলানিতে আছে পরের পর্বের আয়োজক সিলেট। স্ট্রাইকারসরা হেরেছে দুই ম্যাচেই। ঢাকা পর্বে দিনের ম্যাচে রান না উঠলেও রাতের ম্যাচে রান হয়েছে মোটামুটি ভালো। সিলেট পর্বে পরিস্থিতি খানিক ভিন্ন হওয়ার প্রত্যাশা সকলের। সিলেটের স্পোর্টিং উইকেট বিপিএল কতখানি উপভোগ্য করতে পারে, সেটাই এখন প্রত্যাশা। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আর এবারের বিপিএলের পর্দা নামবে আগামী ৩ ফেব্রুয়ারি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন