খেলাধুলা, ক্রিকেট

বিপিএল নিলামে ২৫০ বিদেশি, প্রতি দলের খরচ ৯ কোটি টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে নভেম্বর ২০২৫ ০৯:০২:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা জটিলতা ও আর্থিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে বিপিএলের নিলামের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়েছে। পূর্বনির্ধারিত ২১শে নভেম্বরের পরিবর্তে আগামী ৩০শে নভেম্বর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্ট। সেদিন বিকেল ৩টা থেকেই নির্ধারিত হয়ে যাবে আগামী আসরে কোন তারকা কোন দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন।

এবারের ১২তম আসরের জন্য ৫০০ জন বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশ করলেও সেখান থেকে যাচাই-বাছাই শেষে ২৫০ জনকে নিলামের চূড়ান্ত ড্রাফটে রাখা হয়েছে।

 

দীর্ঘ প্রায় এক যুগ পর বিপিএল কর্তৃপক্ষ আবারও তাদের পুরোনো নিলাম পদ্ধতিতে ফিরে যাচ্ছে। এবারের নিয়ম অনুযায়ী নিলাম থেকে প্রতিটি দলকে বাধ্যতামূলকভাবে অন্তত দুইজন বিদেশি এবং ১২ জন দেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। এর বাইরে সরাসরি চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দুইজন করে দেশি ও বিদেশি ক্রিকেটার কেনার সুযোগও থাকছে দলগুলোর সামনে। আর মাঠে একাদশ সাজানোর ক্ষেত্রে সর্বোচ্চ চারজন এবং সর্বনিম্ন দুইজন বিদেশি ক্রিকেটার খেলানোর বিধান রাখা হয়েছে।

 

এবারের আসরে দলের সংখ্যাও একটি বেড়েছে। শুরুতে পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আসরের বাকি পাঁচটি দল হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস। স্বস্তির খবর হলো অংশগ্রহণকারী সব দলই ইতিমধ্যে তাদের আর্থিক নিশ্চয়তা প্রদান করেছে। 

 

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৭ই ডিসেম্বর ঢাকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং ১৯শে ডিসেম্বর সিলেটে গড়াবে মাঠের লড়াই। মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৬ই জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন