কথা ছিল ধুমধাম করে ছেলের এক বছর পূর্ণ হওয়ার উৎসব করবেন, কিন্তু আজ সেই ঘরে উৎসবের বদলে চলছে শোকের মাতম। হত্যার ৪ দিন আগেই ছিলো তাদের বিবাহবার্ষিকী আর আজ সোমবার (২৭ এপ্রিল) তাদের সন্তান অব্বয় বৈরাগীর প্রথম জন্মদিন।
কিন্তু গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লায় ছিনতাইকারীদের নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারান কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী।
র্যাব-১১ জানিয়েছে, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী খুনের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশায় ফাঁদ পেতে বুলেটের জীবন কেড়ে নেয়। গ্রেপ্তারকৃতরা সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই রেলওয়ে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী এলাকার ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। এদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এবং একজন সিএনজি চালক।
তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামের দামপাড়া থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বুলেট। রাত পৌনে ৩টার দিকে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেল রোডস্টারের সামনে নামেন। এরপর নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকার বাসায় যাওয়ার জন্য জাগুর ঝুলি নামক স্থান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
সিএনজিতে আগে থেকেই যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের সদস্যরা অবস্থান করছিল। তারা বুলেটের মোবাইল, ব্যাগ, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি থেকে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে মহাসড়কের আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুলেটের মা নীলিমা বৈরাগী জানান, শুক্রবার রাত সোয়া ২টার দিকেও ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তখন বুলেট জানিয়েছিলেন তিনি বাসে আছেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকে ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।
ভোর ৪টার দিকে পুনরায় কল দিলে ওপাশ থেকে এক অপরিচিত ব্যক্তি রিসিভ করে বলে, ‘আরেকটু পরে আইতেছি, এখন ঘুমাইতেছি।’ মায়ের মনে খটকা লাগলেও ছেলে কাছাকাছি পৌঁছে গেছে ভেবে আর সন্দেহ করেননি। কিন্তু সেই কণ্ঠটি যে ছিল খুনির, তা কল্পনাও করতে পারেননি শোকাতুর মা।
বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) উত্তীর্ণ হয়ে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। গত ১ এপ্রিল তিনি চট্টগ্রামের ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে যান। প্রশিক্ষণ চলাকালেই সপ্তাহান্তে পরিবারের সঙ্গে দেখা করতে আসছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুশীল বৈরাগীর ছেলে।
এ ঘটনায় শনিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন মা নীলিমা বৈরাগী।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক টিটু কুমার নাথ জানান, সোমবার বিকেলে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল সেট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
ডিবিসি/এসএফএল