বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এই তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের 'বিশেষ পরিস্থিতি'র সুযোগ নিয়ে বাল্যবিবাহ দেওয়ার আইনি ফাঁকফোকরগুলো বন্ধ করা হবে। মূলত জালিয়াতির মাধ্যমে কাগজের জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর প্রবণতা বন্ধ করতেই সরকার ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করার এই পদক্ষেপ নিয়েছে।
লিখিত জবাবে মন্ত্রী আরও উল্লেখ করেন, অনেক সময় ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিবাহ সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। এ কারণে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।
ডিবিসি/আরএসএল