বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে সাড়ে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনায় ডিবিসি নিউজের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর পুরো ঘটনায় নতুন মোড় নিয়েছে। সংবাদে বক্তব্য দেওয়া এক প্রত্যক্ষদর্শীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। একই সঙ্গে চুরি হওয়া স্বর্ণ বিক্রির নতুন কিছু তথ্যও সামনে এসেছে।
জানা গেছে, সংবাদ প্রচারের পর স্বর্ণ ভাগবাঁটোয়ারার প্রত্যক্ষদর্শী রত্না (আমেনার ভাই জাহিদুলের প্রাক্তন স্ত্রী) হত্যার হুমকির এই অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, সংবাদে বক্তব্য দেওয়ার জেরে আমেনার বড় ভাই জহুরুলের স্ত্রী হেলেনা পারভীন এবং প্রাক্তন স্বামী জাহিদুল ইসলাম তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি রত্নার ভাইকে ফোনে এবং মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এসব হুমকির পরিপ্রেক্ষিতে নিজের এবং শিশু কন্যা জান্নাতের নিরাপত্তা চেয়ে রাজধানীর উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রত্না। জিডিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ডিবিসি নিউজের অনুসন্ধানে বক্তব্য দেওয়ার কারণেই তাকে এই হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে, এই ঘটনার অনুসন্ধানে চুরি হওয়া স্বর্ণ বিক্রির বিষয়ে আরও একটি নতুন তথ্য পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, আমেনার ভাগে পাওয়া স্বর্ণের কিছু অংশ ময়মনসিংহ শহরের একটি স্বর্ণের দোকানে বিক্রি করা হয়েছিল। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিমানবন্দর থেকে সাড়ে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির মতো চাঞ্চল্যকর ঘটনায় সংবাদ প্রচারের পর একের পর এক নতুন তথ্য সামনে এলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীকে হুমকির অভিযোগ এবং স্বর্ণ বিক্রির নতুন এই সূত্র পুরো ঘটনার রহস্যকে আরও ঘনীভূত করেছে।
ডিবিসি/আরএসএল