দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম এক লাফে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থাটির জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্যহার জানানো হয়, যা আজ মধ্যরাত থেকেই কার্যকর হতে যাচ্ছে।
অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম একইভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।
বিইআরসি জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।
হঠাৎ জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বিমান ভাড়ার ওপর। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বিশেষ করে অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ডিবিসি/টিবিএ