গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেন।
এ সময় তিনি মোহনা ও তার পরিবারের সদস্যদের ‘সরকার তাদের পাশে আছে’ বলে আশ্বস্ত করেন।
সে সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে উপদেষ্টার সঙ্গে কথা বলে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধান উপদেষ্টা এই ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক হিসেবে অভিহিত করেন এবং ঘোষণা দেন যে মোহনার চিকিৎসার ব্যয়সহ তার ভবিষ্যতের সব দায়িত্ব সরকার বহন করবে। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মোহনাকে আশ্বস্ত করে বলেন যে স্বয়ং প্রধান উপদেষ্টা তাকে পাঠিয়েছেন, তাই ভয়ের কোনো কারণ নেই।
উক্ত সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ডা. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও সাফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং এর আগে ৩১ জানুয়ারি গুরুতর আহত অবস্থায় মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ডিবিসি/এফএইচআর