আন্তর্জাতিক, আমেরিকা

বিমানে বিশৃঙ্খলা ও গালিগালাজ, যাত্রীকে টেপ দিয়ে বেঁধে রাখলেন সহযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এক যাত্রীর মারমুখী আচরণ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে তাকে ডাক্ট টেপ দিয়ে আসনে বেঁধে রাখতে হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটি জরুরি অবতরণ করে মেরিল্যান্ডের বাল্টিমোরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮ ডালাস-ফোর্ট ওর্থ থেকে নিউ জার্সির নিউয়ার্কের উদ্দেশে যাত্রা করেছিল। মাঝপথে প্রথম শ্রেণির অংশে এক যাত্রী হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে এক সহযাত্রীকে মারধর করেন এবং পরিস্থিতি থামাতে এগিয়ে আসা এক নারী যাত্রীকেও আঘাত করেন। এ সময় তিনি অশালীন ভাষা ও বর্ণবাদী এবং সমকামীবিদ্বেষী গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তাদের মধ্যে নিউ জার্সির অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুয়ান মেহিয়া ছিলেন। বিমানকর্মীর দেওয়া জিপ-টাই দিয়ে ওই ব্যক্তির হাত বেঁধে ফেলা হলেও তিনি প্রতিরোধ চালিয়ে যান। একপর্যায়ে তিনি মেহিয়াকে কামড়ে দেন এবং আরেক যাত্রীকে কামড়ানোর চেষ্টা করেন। পরে বিমানকর্মীর দেওয়া ডাক্ট টেপ ব্যবহার করে তাকে আসনের সঙ্গে বেঁধে রাখা হয়।

 

প্রায় ১৫ মিনিট ওই যাত্রীর ওপর নজর রাখেন সহযাত্রীরা। পরে বিমানটি নিরাপদে বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় একজনকে অঙ্গরাজ্যের আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই।

 

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত এক হাজার ১৬০টির বেশি উচ্ছৃঙ্খল যাত্রীর ঘটনা রিপোর্ট হয়েছে। বিমানকর্মীদের ওপর হামলা, হুমকি বা কাজে বাধা দেওয়ার ঘটনায় সর্বোচ্চ ৪৩ হাজার ডলারের বেশি জরিমানার বিধান রয়েছে।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন