জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১৬ দিনেই ট্রাকচাপায় সৌদি প্রবাসী স্বামী নিহত, আহত নববধূ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মো. ইয়ামিন ভূইয়া নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী সুমা আক্তার। বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ভূইয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। আহত সুমা আক্তার পাশের মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের বাসিন্দা।


পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে সৌদি আরবে অবস্থানকালে মুঠোফোনে ইয়ামিন ও সুমার বিয়ে হয়। পরে দেশে ফিরে গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তোলেন ইয়ামিন। সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা।


পথে ভাদুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্বজনরা জানান, বিদেশে কর্মরত ইয়ামিন দেশে ফিরে স্থায়ীভাবে সংসার শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন