আন্তর্জাতিক, ফুটবল

বিয়ে করলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আংটি পরিহিত দুজনের হাতের একটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রোনালদো নিজেই।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালের কাসকাইসে একটি অত্যন্ত 'ব্যক্তিগত ও ঘরোয়া' আয়োজনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল রোনালদো ও জর্জিনা জুটির পাঁচ সন্তান- ১৬ বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়র, ৯ বছর বয়সী ইভা মারিয়া ও মাতেও, ৮ বছর বয়সী আলানা এবং ৪ বছর বয়সী বেলা।

 

২০১৬ সালে রিয়াল মাদ্রিদে খেলার সময় মাদ্রিদের একটি গুচি স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত জর্জিনার সঙ্গে রোনালদোর প্রথম পরিচয় হয়। এরপর থেকেই তারা একসঙ্গে আছেন। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে আংটির ছবি পোস্ট করে নিজেদের বাগদানের খবর জানিয়েছিলেন ৩২ বছর বয়সী মডেল জর্জিনা। নেটফ্লিক্সে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে তার জীবনীর ওপর ভিত্তি করে "আই অ্যাম জর্জিনা" নামে একটি ডকুমেন্টারি সিরিজও মুক্তি পেয়েছে।

 

৪১ বছর বয়সী আল-নাসর তারকা রোনালদো সম্প্রতি পর্তুগালের হয়ে ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন, যেখানে শেষ ষোলোতে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে পর্তুগালকে বিদায় নিতে হয়। বিশ্বকাপ চলাকালীন সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, গ্রীষ্মের শেষের দিকেই জর্জিনাকে বিয়ে করবেন তিনি। তিনি বলেছিলেন, ’আমি তাকে বিয়ে করতে যাচ্ছি কারণ আমি মনে করি এটাই সঠিক সময়। সে শুধু আমার সন্তানদের মা-ই নয়, সে সেই মানুষ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’

 

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদো নিশ্চিত করেছেন যে এটিই তার শেষ বিশ্বকাপ। তিনি জানান, দেশের হয়ে ২৩ বছর খেলে তিনটি শিরোপা জিতেছেন এবং নিজের সর্বোচ্চটা দিয়েছেন। এখন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান এবং নিজের ভবিষ্যৎ বা অবসরের বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বলেও জানিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন